মঞ্চ বানিয়ে খুনিদের শাস্তি চাই : মাহবুবা

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৩:১২ এএম

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দোষীদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন এ ঘটনায় আহত সাভারের মাহবুবা পারভিন। তিনি জনসভায় মঞ্চ বানিয়ে খুনিদের ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন।

বিএনপিকে খুনির দল উল্লেখ করে তিনি বলেন, ‘তারা গ্রেনেড হামলা করে ২৪টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। তাদের এই বাংলায় শুধু ফাঁসি দিলে হবে না, জনসভায় ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দিতে হবে, যাতে করে সারা বিশ্বে কেউ এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়।’

গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। এ নিয়ে মাহবুবা বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হওয়ায় আমি আইনের প্রতি শ্রদ্ধা জানাই। তবে আমি আরও বেশি খুশি হতাম যদি ঘটনার মূল নায়ক ও নির্দেশদাতা তারেক জিয়ার ফাঁসি হতো।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘সবার ফাঁসি হয়ে গেলেও যদি মূল হোতা তারেক জিয়া থেকে যায়, তাহলে সে আবারও একটি ২১ আগস্টের জন্ম দেবে। আবারও ২৪ জন সুস্থ মানুষ এই পৃথিবী থেকে হারিয়ে যাবে। আমরা ১০০ জন আবারও অসুস্থ হব। কাজেই মূল হোতার আগে ফাঁসি হওয়া উচিত।’

বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘বর্তমানে আমি খুব কষ্টের মধ্য দিয়ে দিন পার করছি। বাম হাত ও বাম পা সচল না থাকায় রিকশায় কিংবা বাসে উঠতে পারি না। রাতে ঘুম ভেঙে গেলে সারা রাত জেগে কাটাতে হয়। তারপরও যখন মমতাময়ী মা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আপা আমাকে ডেকে নিয়ে বুকে জড়িয়ে ধরেন, তখন সব কষ্ট দূর হয়ে যায়। কারণ শরীরে যত যন্ত্রণাই হোক সন্তানদের এবং দেশের জন্য আমাকে বেঁচে থাকতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত