ছয় লাখ টাকা নিয়ে বের হওয়া ব্যবসায়ীর লাশ ডোবায়

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০১:০৮ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার ১নং উত্তর হামচাদী ইউনিয়নের কাজীর দিঘীরপাড় মাছ বাজারের পূর্ব পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত আলমগীর হোসেন মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন।

আলমগীর হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আকবর আলী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রায়পুর পৌর শহরে শাহী হোটেল সংলগ্ন তানহা ফটোকপি ও কম্পিউটার ব্যবসায়ী ছিলেন।

নিহত আলমগীরের স্ত্রী নাসরিন আক্তার বলেন, মঙ্গলবার বিকালে বাসা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্ধারীবাজারের এক ব্যবসায়ী নিকট থেকে পাওনা ৬ লাখ টাকা আনার জন্য বাড়ি থেকে বের হন স্বামী আলমগীর হোসেন।

তিনি বলেন, সন্ধ্যায় ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে রায়পুর উপজেলার সোনাপুর এলাকার বাসাবাড়ী বাজার নামক স্থানে এসে বাসায় মোবাইলে কল দিয়ে জানান এখানে কাজ রয়েছে। কাজ সেরে বাসায় ফিরবে বলে মোবাইল ফোনে স্ত্রীকে জানান তিনি।

দীর্ঘ সময় পার হয়ে গেলে স্বামী বাসায় ফিরে না আসায় স্ত্রী নাসরিন আক্তার স্বামীর মোবাইলে বার বার কল দেওয়ার পরও অপর প্রান্ত থেকে কল রিসিভ করা হয়নি। উপরন্তু রাত ৯টার পর থেকে আলমগীর হোসেনের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

নিহতের স্ত্রী বলেন, আত্মীয়-স্বজনরা আলমগীর হোসেনকে খুঁজতে বের হয়, খোঁজ না পেয়ে বুধবার সকালে সম্ভাব্য সবস্থানে খোঁজ করা হলেও তার কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার সকাল ১০টার দিকে খবর পাই রায়পুর ও লক্ষ্মীপুর সদর উপজেলার বর্ডার এলাকা উত্তর হামচাদী ইউনিয়নের বাজারের পাশে একটি ডোবায় গলাকাটা ক্ষতবিক্ষত একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় এলাকাবাসী।

বিষয়টি লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামী আলমগীর হোসেনের লাশ ডোবার পানিতে ভাসছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, ব্যবসায়িক কোনো বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত