সুন্দরবন থেকে বাঘের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৬:১০ পিএম

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকা থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের (বাঘিনীর) মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার রাতে সুন্দরবনের কটকা এলাকার ছাপড়াখালী খালে কাছ থেকে বাঘিনীটিকে মৃত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের টহল দলের সদস্যরা।

পূর্ণ বয়স্ক বাঘিনীটির লম্বায় প্রায় ৭ ফুট। শরীরে বাহ্যিক কোন আঘাত না থাকায় বার্ধক্য জনিত কারণে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বন বিভাগ।

বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান এই প্রতিবেদককে বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা বাঘটি পড়ে থাকতে দেখে। পরে কাছে গিয়ে মৃত দেখতে পেয়ে উদ্ধার করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। সেখানে বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মদিনুল আহসান, সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মাহমুদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শরণখোলা গেছেন।

বাঘিনীটির মরদেহ সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে আনার পর বুধবার দুপুরে মরদেহের ময়না-তদন্ত শুরু করেছে প্রাণিসম্পদ বিভাগ।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার ডিএফও মো. মদিনুল আহসান এই প্রতিবেদককে বলেন, আমাদের দেশের সুন্দরবন এলাকার বাঘের গড় আয়ু ১৪ থেকে ১৬ বছর। নারী এই বাঘটি বার্ধক্যজনিত কারণেই মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ তার শরীরে আমরা বাহ্যিক কোন আঘাতের চিহ্ন পাইনি। বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সমন্বয়ে বাঘটির ময়নাতদন্ত করা হচ্ছে। এতে আরও বিস্তারিত জানা যাবে। এছাড়া মৃত্যুর কারণ জানতে আমরা বাঘটির শরীরের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ প্রত্যঙ্গ ঢাকায় বন বিভাগের ফরেনসিক ল্যাবে পাঠাব।

তিনি আরও বলেন, সাধারণভাবে চোরা শিকারিরা কোনোভাবে হত্যা করা হলে বাঘটির শরীরে কোন চিহ্ন থাকার কথা। তেমনটা নেই। এর বাইরে অনেক সময় বনের বাঘেদের মধ্যে টেরিটোরিয়াল সংঘাতের কারণেও বাঘের মৃত্যু হতে পারে।

সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সবচেয়ে বেশি ঘনত্ব শরণখোলা রেঞ্জে। এই রেঞ্জের কটকা ও কচিখালী বাঘের বিচরণ সবচেয়ে বেশি।

মৃত বাঘিনীটির চামড়া সংরক্ষণ করা হবে এবং দেহাবশেষ বন বিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয় চত্বরে মাটিচাপা দেওয়া হবে বলে জানান বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত