চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুজনকে ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল।
২০ আগস্ট মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটক দুইজন হলো- কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৫২) প্রকাশ নেজাম মেম্বার ও কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী ক্যাম্পের মৃত আজিজুর রহমানের ছেলে হামিদ হোসেন (২৮)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ জোনের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন দেশ রূপান্তরকে জানান, পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য নেজাম উদ্দিন প্রকাশ নেজাম মেম্বার দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। এক সময় সে ডেইরি ফার্ম করার সুযোগে গরু আনতে মিয়ানমার আসা যাওয়া করতেন। তখন থেকেই সে ডেইরি ফার্ম ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসায় জড়িয়ে পড়েন।
কিন্তু উপযুক্ত প্রমাণ না পাওয়ায় এতদিন তাকে আটক করা যাচ্ছিল না। মঙ্গলবার ইউপি মেম্বার নেজাম ও মিয়ানমারের নাগরিক হামিদকে ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ আটক করা হয় বিজিসি ট্রাস্টের সামনে থেকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
