ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১০:৪১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ সেশনের স্নাতক (সম্মান) ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংহতি প্রকাশ করে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও অংশ নেন।

অতিরিক্ত ফি আদায়কে ‘অর্থ ডাকাতি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি করেন বিক্ষোভকারীরা। সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘গ্রামের একজন কৃষক গরু ও জমি বেচা টাকা দিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য ফরম তোলেন আর সেই টাকা ভাগবাটোয়ারা করে নেন শিক্ষকরা। এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ভর্তির ফরমের মূল্য গত বছরের চেয়ে ৫০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ‘সি১’, ‘এফ’, ‘জি’, ‘এইচ’ ও ‘আই’ ইউনিটের ফরমের মূল্যও ৫০ টাকা বৃদ্ধি করে ৪০০ টাকা নির্ধারণ করেছে প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত