ঘাটাইলের নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৩ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম। গতকাল দুপুরে গুলিগুলো উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলম জানান, উপজেলার ওই বিদ্যালয়ের আধা পাকা ঘরটি পরিত্যক্ত হওয়ায় টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। ঘর অনেক আগেই ভেঙে নেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণের টেন্ডার হওয়ায় কাজের জন্য মাটি খোঁড়ার সময় শ্রমিকরা একটি কাচের বোতলে গুলি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করে। তবে গুলিগুলো নষ্ট হয়ে গেছে। একটির সঙ্গে আরেকটি লেগে আছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধের সময় গুলিগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। গুলিগুলো থানায় রাখা হয়েছে।
