ঈদে মাংসের নানান পদের পর স্বাদ বদলাতে মাছের রেসিপ দিয়েছেন নাদিয়া নাতাশা
কাচকি মাছের পাকোড়া
উপকরণ
কাচকি মাছ ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি সিকি কাপ, রসুন বাটা আধা চা চামচ, মরিচের গুঁড়ো আধা চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, টালা জিরা গুঁড়ো সিকি চা চামচ, লবণ স্বাদমতো ১ চা চামচ, ময়দা ৪ টেবিল চামচ, চালের গুঁড়ো ২ চা চামচ, তেল ভাজার জন্য ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. কাচকি মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, টালা জিরার গুঁড়ো, লবণ, ময়দা, চালের গুঁড়ো নিয়ে সব একসঙ্গে ভালো করে মাখুন।
৩. এবার এর মধ্যে কাচকি মাছ দিয়ে হালকা হাতে আবার সব একসঙ্গে মেখে নিন।
৪. কড়াইতে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে চুলার আঁচ মাঝারি করে চামচের বা হাতের সাহায্যে যতটা সম্ভব গোল করে অল্প অল্প মাখানো মাছ নিয়ে তেলে ছাড়–ন।
৪. ডুবো তেলে লালচে করে ভেজে তুলুন।
কালো জিরায় ট্যাংরা বেগুন
উপকরণ
ট্যাংরা মাছ ৮টি, বেগুন ১টি, কাঁচা মরিচ ২টি, পেঁয়াজ বাটা ২ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কালো জিরা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. মাছ লবণ ও হলুদ দিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন।
২. ফ্রাইপ্যানে তেল গরম করে হালকা লাল করে ভেজে তুলে নিন । এবার প্যানে আরও একটু তেল দিয়ে কালো জিরা, কাঁচামরিচ দিয়ে একটু ভাজুন।
৩. সব মসলা দিয়ে হালকা আঁচে একটু কষান। তেল ছেড়ে দিলে বেগুন টুকরা করে দিন।
৪. কিছুক্ষণ পর ২ কাপ পানি দিন। মাঝারি আঁচে প্যানে ঢাকা দিয়ে বেগুন সিদ্ধ করুন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভাজা মাছ তার মধ্যে দিয়ে কিছুক্ষণ একসঙ্গে ফোটান। এরপর লবণ দিন। পানি কমে এলে আঁচ বন্ধ করে নামিয়ে নিন।
ইলিশের টক
উপকরণ
ইলিশ মাছ ৩ পিস, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, চিনি আধা চা চামচ, সরিষা তেল ১ চা চামচ, শুকনো মরিচ ২টি, তেল ২ টেবিল চামচ। যেভাবে তৈরি করবেন
১. মাছ ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নিন।
২. কড়াইতে তেল দিয়ে গরম হলে সরিষা ও শুকনো মরিচের ফোড়ন দিন।
৩. এরপর তেঁতুলের ক্বাথ ও হলুদ দিন।
৪. কিছুক্ষণ কষিয়ে পানি ও লবণ দিন।
৫. ফুটে উঠলে মাছ দিন। কিছুক্ষণ ঢেকে রেখে নামানোর আগে চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।
লইট্টা মাছের ঝুরি
উপকরণ
লইট্টা মাছ আধা কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, টালা জিরার গুঁড়ো ১ চা চামচ, তেল আধা কাপ, লবণ ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, হলুদ বাটা ১ চা চামচ, ধনেগুঁড়ো ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৬টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে মসলা কষিয়ে নিন।
২. মসলা কষানো হলে এবার তাতে মাছ দিয়ে অল্প আঁচে রান্না করুন।
৩. মাছ সেদ্ধ হলে কাঁটা বেছে ফেলে দিন।
৪. এবার চুলার আঁচ বাড়িয়ে মাছটা ভাজা ভাজা করে নামিয়ে গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
সরিষা পোস্ত ভাপা চিংড়ি
উপকরণ
গলদা চিংড়ি ৮টি, পেঁয়াজ কুচি ১ কাপ, সরিষা বাটা ১ চামচ, পোস্ত বাটা ১ চা চামচ, হলুদ বাটা আধা চামচ, কাঁচা মরিচ ফালি ৬টি, লবণ আধা চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. চিংড়ি মাছ খোসা ও পিঠের সিরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন।
২. একটি পাত্রে পেঁয়াজ কুচি, সরিষা বাটা, পোস্ত বাটা, কাঁচা মরিচ ফালি, হলুদ বাটা, লবণ ও সরিষার তেল দিয়ে মাছগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
৩. এবার স্টিলের বড় টিফিন কৌটোর মধ্যে রেখে দিন।
৪. একটি বড় কড়াইতে অর্ধেকটা পানি ফুটতে দিন।
৫. ওই গরম পানিতে টিফিন কৌটোটি দিয়ে দিন। ১৫ মিনিট পর নামিয়ে নিন।
