ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কের সালন্দর নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিনিবাস রাজু এন্টাপ্রাইজের চালক বাবুল (২০), গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান বাবু (৪২), ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫) ও শহরের আশ্রমপাড়ার বাসিন্দা মজিবর রহমান (৬০)।
নিহত কামরুজ্জামান বাবু অগ্রণী ব্যাংকের মুন্সিরহাট শাখার কর্মকর্তা বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নৈশ কোচের সঙ্গে দিনাজপুরগামী মিনিবাসের সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলে ২জন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। এ দুর্ঘটনায় আহত ৩১ জনের মধ্যে ২৮ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও থানার এসআই ফিরোজা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
