ভাতিজার হাতে চাচি খুন মাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১০:৫২ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় দেবর ও তার ছেলের মারামারি ঠেকাতে গিয়ে দেবরের ছেলের ছুরির আঘাতে নিহত হয়েছেন লিলি বেগম (৫৫) নামে এক গৃহবধূ। ঘটনার পর থেকে ফজর শেখ (৩৫) নামে ওই যুবক পলাতক রয়েছে। নিহত লিলি বেগম ৩ মেয়ে ২ ছেলের মা।

শেরপুরে ফরিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার গৌরিপুর মহল্লা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহের মুক্তাগাছায় মাকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত ছেলে। তার নাম রোকেয়া বেগম (৬২)। এ ঘটনায় ছেলে রুবেলকে (২৮) আটক করেছে পুলিশ। কক্সবাজারের পেকুয়া উপজেলায় বাড়ির পুকুর থেকে বেলি সুলতানা রুচি (১৮) নামের এক কলেজছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের এক দিন পর বেমালিয়া নদী থেকে মোজাহিদ (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর : 

ফরিদপুরে চাচি খুন : ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে দেবরের ছেলের ছুরির আঘাতে চাচি লিলি বেগম নিহত হয়েছেন। পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে ফজর শেখের সঙ্গে তার বাবা দরবেশ শেখের মারামারি শুরু হয়। এ সময় ঠেকাতে এলে চাচি লিলি বেগমের পেটে ছুরি মারে ফজর শেখ। পরে পরিবারের লোকজন লিলি বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

শেরপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : শেরপুরে ফরিদা বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার গৌরিপুর মহল্লা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ফরিদা ওই এলাকার মৃত আবদুস সালামের স্ত্রী। ছেলে শামীম হোসেন জানান, তার মা ফরিদা বেগম বাসায় একা ছিলেন। ভাগ্নে শিহাব রাতে কাজ শেষে বাড়ি ফিরে অনেকক্ষণ ডাকাডাকি করলেও গেট না খোলায় সন্দেহ হয়। এরপর পাশের বাড়ি থেকে হাতুড়ি নিয়ে এসে তালা ভেঙে গলাকাটা মরদেহ দেখতে পায়।

মাকে কুপিয়ে হত্যা : ময়মনসিংহের মুক্তাগাছায় বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত ছেলে। নিহতের নাম রোকেয়া বেগম। এ ঘটনায় ঘাতক ছেলে রুবেলকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে পৌর শহরের ঈশ্বরগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছেলে রুবেল হঠাৎ করে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে সংসারে কলহ তৈরি হয়। এরই জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে মা রোকেয়া বেগমকে পেছন থেকে দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে আহত করে।

পেকুয়ায় কলেজছাত্রীর লাশ উদ্ধার : কক্সবাজারের পেকুয়া উপজেলায় বাড়ির পুকুর থেকে বেলি সুলতানা রুচি (১৮) নামের এক কলেজছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কয়েকজন লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় রুচিকে তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। রুচি পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও শেখেরকিল্লা ঘোনা গ্রামের মকছুদ আহম্মদের মেয়ে। 

নাসিরনগরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের এক দিন পর বেমালিয়া নদী থেকে মোজাহিদ নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে লাশ উদ্ধার করা হয়। মোজাহিদ উপজেলার চাতলপাড় ইউনিয়নের রশিদ মিয়ার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত