নদী বন্দরগুলোতে ৪৫টি পন্টুন নির্মাণের চুক্তি সই

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০২:৩৩ এএম

দেশের বিভিন্ন নদী বন্দরে ব্যবহারের জন্য ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণ করার লক্ষ্যে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শিপওয়েজ লিমিটেডের (এএসএসএল) সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। চুক্তি অনুযায়ী আগামী ১৮ মাসের মধ্যে পন্টুন সরবরাহ করতে হবে এএসএসএলকে। এ কাজের ব্যয় ধরা হয়েছে ৯৭ কোটি ৬০ লাখ টাকা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএর সম্মেলন কক্ষে এএসএসএলের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী এবং বিআইডব্লিউটিএর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী জরিনা খানম এ চুক্তিতে সই করেন।

সদরঘাট, পাগলা, মিরকাদিম, নারায়ণগঞ্জ, ফতুল্লাসহ দেশের বিভিন্ন বন্দরে এসব পন্টুন স্থাপন করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম বলেন, ‘আনন্দ শিপইয়ার্ড দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান। তারা তাদের ভালো কাজ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে। তাদের ওপর আমাদের আস্থা রয়েছে। আশা করছি যথাসময়ে তারা মানসম্পন্ন কাজ দিয়ে পন্টুন নির্মাণ ও সরবরাহ করবে। আমাদের দিক থেকে সবরকম সহযোগিতা করা হবে।’

এ সময় ‘আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লা হেল বারী বলেন, বিআইডব্লিউটিএর সঙ্গে এটাই প্রথম কাজ নয়। এর আগে অনেকবারই আনন্দ তাদের কাজ করে দিয়ে প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এবারও সরকারি সংস্থাটি আমাদেরই পন্টুন তৈরির কাজ দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের বিষয়।’  

অনুষ্ঠানে আনন্দ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নাহিদ নিগার, নির্বাহী পরিচালক প্রকৌশলী তারিকুল ইসলাম, পরিচালক আব্দুল্লাহ জারিনা জাফরিন, পরিচালক (কারিগরি) সাইফুল ইসলাম, আব্দুল্লাহ নাজমা নওরোজসহ অনেকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত