উচ্ছেদের মাধ্যমে সরকারি জায়গা দখলমুক্ত করার বছর না ঘুরতেই পুনরায় আরও বড় পরিসরে দখল করে নিয়েছে প্রভাবশালীরা। সীতাকুন্ড পৌর সদরের মূল বাজারে রাস্তার পাশের শপিং সেন্টার, সমবায় বিপণি, আর কে টাওয়ার ও আনোয়ার প্লাজার সামনের সরকারি খাস খতিয়ানের ১৭ শতক জায়গা দখল করে অবৈধ ফলের দোকান খুলেছে কিছু অসাধু ব্যবসায়ী। দোকানের ওপর টিঅ্যান্ডটির (বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড) তারের সঙ্গে বেঁধে ফল ঝুলিয়ে রাখতেও দেখা যায়।
২০১৭ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম এবং সহকারি ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মো. কামরুজ্জামান এই স্থান থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করে সাইনবোর্ড টানিয়ে দেন। যেখানে উল্লেখ রয়েছে এই জায়গার মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক চট্টগ্রাম, মৌজা মহাদেবপুর, বিএস খতিয়ান নং ১, দাগ নং ১১৭৮, এরিয়া ১৭ শতক ও শ্রেণি বাজার।
উদ্ধার করা সরকারি জায়গায় পরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করার কথা থাকলেও ইউএনও তারিকুল আলম ও এসি ল্যান্ড কামরুজ্জামান অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর আবারও দখল হতে শুরু করে ওই জায়গা। পূর্বের দখলদাররা আগের চেয়ে আরও বড় পরিসরে দোকান সাজিয়ে বসেছে। যার ফলে বাজারে আসা মানুষের যানবাহন থেকে নামতে কিংবা উঠতে বেগ পেতে হয়। তাছাড়া পার্কিংয়ের স্থান না পেয়ে যানবাহন রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে। এ কারণে প্রায় সময় এই রাস্তায় যানজট লেগে থাকে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক বিষয়টা জানা ছিল না উল্লেখ করে বলেন, ‘দখল হয়ে যাওয়া সরকারি খাস জায়গা পুনরায় দখলমুক্ত করতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
