ডেঙ্গু আক্রান্তদের ৯০% সুস্থ হয়ে বাড়ি ফিরেছে

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১২:৪৮ এএম

রাজধানীসহ সারা দেশে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আক্রান্ত রোগীদের মধ্যে ৫৪ হাজার ৯৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই সংখ্যা মোট আক্রান্ত রোগীর ৯০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৬

জন। এর আগের দিন আক্রান্ত ছিল ১ হাজার ৫৯৭ জন। গতকাল শুক্রবার সকাল ৮ পর্যন্ত সারা দেশে ৬ হাজার ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ছিলেন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩ হাজার ৪১১ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৬২৪ জন।

এ ছাড়াও ডেঙ্গুতে গতকাল একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে চলতি বছর দেশ রূপান্তরের হিসাবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৩২ জনে পৌঁছেছে। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ৮০টি সম্ভাব্য মৃত্যু পর্যালোচনা করে ৪৭টি মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সরকারি তথ্যানুযায়ী গতকাল সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন। এ ছাড়া মিটফোর্ড হাসপাতালে ৭১ জন, ঢাকা শিশু হাসপাতালে ২২ জন, সোহরাওয়ার্দী হাসপাতালে ৪১ জন, বিএসএমএমইউতে ৩৯ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৭০ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন, কুর্মিটোল হাসপাতালে ৫০ জন ও সম্মিলিত সামরিক হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪৯ জন ভর্তি হন।

এদিকে ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৫৭ জন। ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০৮ জন, চিটাগাং বিভাগে ১০৬ জন, খুলনা বিভাগে ১৮৩ জন, রংপুর বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ১২৭ জন, সিলেট বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন রোগী ভর্তি হন।

আরও একজনের মৃত্যু : ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় শাহানারা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে সাতক্ষীরা থেকে খুলনায় নেওয়ার পথে ডুমুরিয়ায় মারা যান তিনি।

জানতে চাইলে সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. আসাদুজ্জামান জানান শাহানারা খাতুন জ¦র নিয়ে গত ১৮ আগস্ট হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় খুলনায়। পথে মারা যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত