নদীতে জাল টানতেই ভেসে উঠে ২ শিশুর লাশ

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১০:৩৩ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জের রামগঞ্জ বিলাসী পাড়ায় বুড়ি তিস্তা নদীতে ডুবে দুই শিশু মারা গেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী জাল টেনে তিস্তা নদীর তিস্তা ব্রিজের কাছ থেকে জাল টেনে তাদের লাশ উদ্ধার করে।

এদের মধ্যে দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামের ওমর আলীর ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র আব্দুল্লাহ (৮) এবং একই উপজেলার চিলাহাটি পাড়ার অলিয়ার রহমানের ছেলে প্রথম শ্রেণির ছাত্র শাওন (৬)।

আব্দুল্লাহ নানার বাড়ি চিলাহাটিপাড়ায় বেড়াতে গিয়েছিল। শনিবার সকালে জানাজা শেষে দুই শিশুর লাশ নিজ নিজ কবরস্থানে দাফন করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল থেকে স্বজনরা দুজনকেই খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে পাশের তিস্তা নদীর পাড়ে প্যান্ট ও জুতা দেখতে পায়। এতে ধারণা করে- তারা নদীতে গোসল করতে নেমে ডুবে গেছে। এলাকাবাসী নদীতে তাদের খুঁজতে নেমে পড়ে। দীর্ঘসময় ধরে খোঁজ করার পরেও তাদের পাওয়া যায়নি।

এক পর্যায়ে জাল ফেলে খোঁজার চেষ্টা করা হয়। অবশেষে রাত সাড়ে ১২টার দিকে ভাটিতে রামগঞ্জ বিলাসী এলাকায় বুড়ি তিস্তা নদীর তিস্তা ব্রিজের কাছ থেকে জালে দুজনেরই লাশ উঠে আসে। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনরা কান্নায় ভেঙে পড়ে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত