দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভৈরবে আইভি রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ৭টায় ভৈরব বাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালোব্যাজ ধারণসহ খতমে কোরআন অনুষ্ঠিত হয়। একই সময়ে তার নিজবাড়ি শহরের ভৈরবপুর এলাকার আইভি ভবন ও বাবার বাড়িতে অনুষ্ঠিত হয় কোরআনখানি ও মিলাদ মাহফিল। ২০০৪ সালের একুশে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৪ আগস্ট মারা যান তিনি। মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী।
এ ছাড়া চন্ডিবের এলাকায় শহীদ আইভি রহমান পরিষদ, মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয় ও শহীদ আইভি রহমান প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ট্টমা হাসপাতালসংলগ্ন এলাকায় নির্মিত আইভি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীসহ সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। বেলা ১১টায় হাজী আসমত কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরবুজ্জামান আপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়া।
