পঞ্চগড় মাগুরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১১:২৭ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বুড়ি তিস্তা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর উত্তরপাড়া গ্রামে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর।

দেবীগঞ্জে মারা যাওয়া শিশুরা হলো পৌরসভার সবুজপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহ (৯) ও টেপ্রিগঞ্জ ইউনিয়নের চিলাহাটিপাড়া এলাকার আলিউল ইসলামের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র শাওন ইসলাম (৮)। গত শুক্রবার বিকেলে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে আবদুল্লাহ তার মা মিনু আক্তারের সঙ্গে চিলাহাটিপাড়া গ্রামে তার নানাবাড়ি এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যায়। বিকেলে মামাতো ভাই শাওনকে নিয়ে পাশের বুড়ি তিস্তা নদীতে গোসল করতে যায় আবদুল্লাহ। পরে নদীর ওই স্থানে খোঁজাখুঁজি করে বিকেল ৫টা থেকে প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর রাত ১২টায় জাল ফেলে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

শ্রীপুরের সাচিলাপুর উত্তরপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে নাসিম শেখ (৪) নামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। নাসিম সাচিলাপুর গ্রামের সৌদি প্রবাসী হালিম শেখের ছেলে।

শিশুটির মা নুরুন্নাহার জানান, শনিবার সকালে তার ছেলে বাড়ির পাশের পুকুর পাড়ে যায়। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় পুকুরে নেমে খোঁজার একপর্যায়ে তাকে পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত