ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় নারীসহ দুই ভ্যানযাত্রী নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মাদারীপুরের ডাসার থানার কর্ণপাড়া এলাকায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহন একটি যাত্রীবাহী বাস কালকিনি উপজেলার ডাসার থানার কর্ণপাড়া এলাকা এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ভ্যানকে চাপা দিলে আহত হয় ছয়জন। এর মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- কালকিনি পৌর এলাকার মিনাজদি গ্রামের মোতালেব মাতুব্বর (৫০) ও একই উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী উম্মে হানি (৬০)।
ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে এসে মহাড়কের যান চলাচলের উপযোগী করে দেই। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠালে সেখানে নারীসহ দুইজন মারা যায়।
