মওদুদের ‘অবৈধ’ সম্পদ ও সম্পদের তথ্য গোপন মামলা চলবে

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৩:২৯ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলার বিচারকাজ বন্ধ চেয়ে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলার কার্যক্রম চলতে আর কোনো আইনি বাধা থাকল না।

রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চ রিভিউ আবেদন নাকচ করে দেয়।

আপিল বিভাগে নিজের আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

দুদকের করা ওই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মওদুদ। হাইকোর্টের পর আপিল বিভাগেও তার আবেদন খারিজ হয়ে যায়। এরপর রিভিউ আবেদন করলে আজ সেটাও খারিজ করে দেয় আপিল বিভাগ।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিচারিক আদালতে এ মামলায় কার্যক্রম চলতে আর কোনো আইনি বাধা থাকল না।

জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক শরিফুল হক সিদ্দিকী গুলশান থানায় মওদুদের বিরুদ্ধে এ মামলা করেন।

এতে বলা হয়, ২০০৭ সালের ২৩ জুলাই দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে মোট ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন বিগত চার দলীয় জোট সরকারের মন্ত্রী মওদুদ। এছাড়া তার নামে ৭ কোটি ৩৮ হাজার ২৩৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়, যা তার ঘোষিত আয়ের তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

হাইকোর্টে ট্যাক্স সংক্রান্ত মামলা রয়েছে জানিয়ে সেগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম বন্ধ রাখতে গত ৪ মার্চ জজ আদালতে আবেদন করেন মওদুদ। জজ আদালত তা নাকচ করলে তিনি হাইকোর্টে আবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত