পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে হারাতে এবার বামেদের সঙ্গে জোট গড়ার ইচ্ছা প্রকাশ করেছেন কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী। ২০২১ সালের নির্বাচনকে সামনে রেখে কিছুদিন আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গেও জোট গড়তে সায় দেন।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার রাতে নয়াদিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গে বৈঠক করেন সোনিয়া। সেখানেই সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্যে আসন্ন বিধানসভা উপনির্বাচন নিয়েও আলোচনা হয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘রাজ্যে আসন্ন উপনির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি আমরা সোনিয়াজীকে জানিয়েছি। তিনি বলেছেন, বামেরা রাজি থাকলে, দুই দলের জোটে যাওয়া উচিত।’
২০১৬ বিধানসভা নির্বাচনে জোট গড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাম-কংগ্রেস, যদিও সেই কৌশল ব্যর্থ হয়। এবারে লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় ভেঙে যায় সেই কৌশল।
কিছুদিন আগে হিন্দুস্তান টাইমস জানায়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আবার জোট গড়ার চেষ্টা চালাচ্ছে সোনিয়া গান্ধীর কংগ্রেস।
