কক্সবাজারের উখিয়ার রূপপতি ব্রিজের পাশে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রূপপতি ব্রিজের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রূপপতি ব্রিজের পাশ ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান, গুলিবিদ্ধ লাশের পরিচয় জানা সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে সে টেকনাফ এলাকার রোহিঙ্গা হতে পারে।
উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
