কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয় : রাহুল

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১০:০১ পিএম

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত শনিবার শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর পর তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি।

রাহুল গান্ধী বলেন, ‘আমরা জানতে চেয়েছিলাম, সেখানকার মানুষ কেমন আছে। বিদ্যমান পরিস্থিতিতে জনগণকে সাহায্য করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হয়নি। আমাদের সঙ্গে থাকা সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে, মারধর করা হয়েছে। এটা পরিষ্কার যে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক ছিল না।’ তিনি আরও বলেন, রাজ্যপাল বিমান পাঠানোর প্রস্তাব দিলে আমি তাকে বলি, বিমান আমার প্রয়োজন নেই। তবে আপনার প্রস্তাব গ্রহণ করছি। আমি জম্মু-কাশ্মীরে যাব।

এদিকে জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ দপ্তরের এক টুইটে বলা হয়েছে, সীমান্ত সন্ত্রাস এবং হামলা থেকে জম্মু-কাশ্মীরের মানুষকে রক্ষা করার চেষ্টা করছে সরকার। এমন একটি সময়ে রাজনৈতিক নেতাদের শ্রীনগরে যাওয়া উচিত হবে না। কারণ তাতে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে। তবে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে রাহুল গান্ধী এবং তার সঙ্গে থাকা ১১ নেতা জানিয়েছেন, তাদের সফর নিয়ে আশঙ্কা ভিত্তিহীন।

শ্রীনগর বিমানবন্দরে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, রাষ্ট্রীয় জনতা দল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত