ব্রাজিলে পরিবেশ আইন লঙ্ঘনসংক্রান্ত অপরাধে দণ্ডের সংখ্যা কমেছে বলে বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে। দেশটির পরিবেশবিষয়ক সংস্থাগুলোর দেওয়া তথ্যেই চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত পরিবেশসংক্রান্ত অপরাধে জরিমানা করার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় এক-তৃতীয়াংশ কম হয়েছে।
আন্তর্জাতিক চাপে ব্রাজিলের ডানপন্থি প্রেসিডেন্ট বলসোনারো ইতিমধ্যে আমাজনের আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে সেখানে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। কিন্তু চলতি বছরে বেশ কয়েকবার তাকেই পরিবেশবিরোধী বক্তব্য দিতে দেখা যায়।
বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল আমাজন বিপুল পরিমাণ কার্বন সঞ্চিত রেখে বৈশ্বিক উষ্ণতার গতি খানিকটা শ্লথ রেখেছে। ৩০ লাখেরও বেশি প্রাণপ্রজাতি এবং উদ্ভিদের পাশাপাশি ১০ লাখ আদিবাসী মানুষের এ আবাসস্থলটি ‘পৃথিবীর ফুসফুস’ নামেও পরিচিত।
