লেভেল ক্রসিংয়ের জটে নাকাল ময়মনসিংহবাসী

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১১:৫৩ পিএম

হুইসেল দিয়ে আসছে জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এ ট্রেন ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলক্রসিং এলাকায় পৌঁছার ১৫ মিনিট আগেই প্রতিবন্ধক ফেলে দুই পাশ আটকে দিলেন গেটকিপার মনির হোসেন (৩৫)। এতে নগরীর ব্যস্ততম সি কে ঘোষ রোড থেকে নাটকঘরলেন সড়কে তীব্র যানজট সৃষ্টি হলো। ট্রেন ক্রসিং পার হতেই উঠে গেল প্রতিবন্ধক। এবার কে কার আগে যাবে এমন প্রতিযোগিতা শুরু। প্রায় পৌনে এক ঘণ্টার যানজটে নাকাল হতে হলো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। এ চিত্রটি গত শনিবার রাত সোয়া ৮টার। রেলক্রসিংয়ের যানজটে সাধারণ মানুষের ভোগান্তির এমন চিত্র প্রতিদিনকার।

শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছে এমন ১০টি রেলক্রসিং। এসব লেভেল ক্রসিং ট্রেন আসার আগ মুহূর্তে দিনে-রাতে কমপক্ষে ২৫ থেকে ৩০ বার আটকে দেওয়ায় প্রতিনিয়ত যানজটে ভুগতে হচ্ছে শহরের বাসিন্দাদের। দিনের পর দিন এমন ভোগান্তিতে শহরের ভেতর থেকে রেললাইন সরিয়ে নেওয়ার দাবি জোরালো হয়ে উঠলেও স্থানীয় রেলওয়ে প্রকৌশল বিভাগ বলছে, এমন দাবি অবাস্তব।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, শহরের ভেতরে থাকা ক্রসিংগুলো হলো কেওয়াটখালী, পাটগুদাম, স্টেশন রোড, মিন্টু কলেজ রেলক্রসিং, বিদ্যাময়ীর পেছন, নতুন বাজার, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, সানকিপাড়া, কাঁচিঝুলি ও তিনকোনা মোড় রেলক্রসিং।

সি কে ঘোষ রোড এলাকার বাসিন্দা জোবায়ের হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘণ্টায় ঘণ্টায় ট্রেন চলাচল করায় সি কে ঘোষ রোডসহ বিভিন্ন পয়েন্ট আটকে দেওয়া হয়। এর প্রভাব গোটা শহরেই ছড়িয়ে পড়ে। ফলে একবার ট্রেন আসা মানেই দীর্ঘ সময়ে যানজটে দুর্ভোগ পোহানো।’

ময়মনসিংহ নগরীর একটি ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘রেললাইনের কারণে প্রতিনিয়ত যানজট হচ্ছে। জরুরি রোগীদেরও যানজটের কবলে পড়তে হচ্ছে। আর গোটা নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যত্র রেললাইন সরিয়ে না নিলে সামনের দিনগুলোতে ভোগান্তির মাত্রা আরও বাড়বে।’

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ‘ময়মনসিংহ নগরীর যানজটের অন্যতম বড় কারণ নগরীর ভেতরকার রেলক্রসিং। এ জন্য প্রতিদিন কমপক্ষে ৩০ বার ট্রেনের জন্য লেভেল ক্রসিংগুলো আটকানো হয়। এ জন্য তৈরি হয় ভয়াবহ যানজট।’

এসব বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে জোনের সহকারী নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস বলছেন, ‘নগরীর ভেতর থেকে রেললাইন সরিয়ে দেওয়ার দাবিটি অযৌক্তিক। মাথাব্যথা হলেই মাথা কেটে ফেলতে হয় না। তেমনি এ দাবিও অবাস্তব। নগর পরিকল্পনাবিদদের সঙ্গে নিয়ে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত