বিমানবাহিনীতে যুক্ত হলো সি-১৩০ জে বিমান

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০১:৩৬ এএম

বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক সি-১৩০ জে বিমান। গতকাল রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বর্তমান সরকার বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক পাঁচটি সি-১৩০ জে বিমান যুক্তরাজ্য সরকারের সঙ্গে  ক্রয় চুক্তির মাধ্যমে বিমানবাহিনীতে সংযোজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়। প্রথম বিমানটি যুক্তরাজ্য থেকে সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে গতকাল বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। এ উপলক্ষে বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।

সি-১৩০ জে বিমান অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তিসমৃদ্ধ পরিবহন বিমান, যা মালামাল ও সৈন্য পরিবহনসহ দেশে-বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে। বাকি বিমানগুলো পর্যায়ক্রমে যুক্তরাজ্য থেকে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিমানবাহিনীতে অত্যাধুনিক সি-১৩০ জে বিমানের অন্তর্ভুক্তি, বিমানবাহিনীর পরিবহন ক্ষমতা সর্বোপরি বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত