জাবিতে আন্দোলন

ছাত্রলীগকে মাঠে নামাতে চায় প্রশাসন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০১:৩৭ এএম

উন্নয়ন প্রকল্পের দুই কোটি টাকা ‘ছাত্রলীগকে দেওয়া’ ও গাছ কেটে ‘অপরিকল্পিত’ আবাসিক হল নির্মাণের প্রতিবাদে গত শুক্রবার থেকে ধারাবাহিক আন্দোলনে নেমেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আন্দোলনে সরব উপস্থিতি দেখা গেছে শিক্ষার্থীদের। যোগ দিচ্ছেন শিক্ষকদের একাংশও। এমন পরিস্থিতিতে আন্দোলন ‘মোকাবিলায়’ শাখা ছাত্রলীগকে মাঠে নামানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ ব্যাপারে নির্দেশনা দিতে গত শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তি ও বিভিন্ন হলের প্রভোস্টরা।

বিশেষ সূত্রে জানা যায়, সভায় ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে অবস্থা থেকে উত্তরণের পথ জানতে চাওয়া হয় এবং বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় ছাত্রলীগ নেতাদের।

সূত্র জানায়, প্রশাসনের পক্ষে কাজ করার আহ্বান জানালে নেতাদের তোপের মুখে পড়ে প্রশাসন। মিটিংয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলকে কেন্দ্র করে তিনটি হল নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রলীগ নেতারা। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৈরি বলে অভিযোগ তোলেন নেতারা। ছাত্রলীগ নেতাকর্মীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতে বললে ছাত্রলীগের একজন শীর্ষ নেতা বলেন, ‘আমরা কী লিখব, আমরাই তো পরিকল্পনা সম্পর্কে ভালোভাবে জানি না।’ এ সময় মান-অভিমান ভুলে প্রশাসনের পক্ষ থেকে একসঙ্গে কাজ করার অনুরোধ জানানো হয় ছাত্রলীগকে। মিটিংয়ে ৪৭ ও ৪৮তম আবর্তনের শিক্ষার্থীদের প্রশাসনের পক্ষে পাল্টা আন্দোলনে নামার কথা আলোচনা হয়। আন্দোলনকারীদের মারধর করার কথা উঠলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় শুরুতেই যেন এমনটা করা না হয়।

মিটিংয়ের ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর হলকে কেন্দ্র করে তিনটি হল নির্মাণ করার ব্যাপারে আমরা আমাদের অবস্থান জানিয়েছি। বিকল্প স্থানে করা যায় কি না সেই পরামর্শ দিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত