শিশু ধর্ষণের পর হত্যা, মামা গ্রেপ্তার

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০৭:৫১ পিএম

চট্টগ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রমজান আলী ছোটন (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান সম্পর্কে ওই শিশুটির মামা।

রোববার বিকেলে নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকায় একটি ভবনে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ রোববার রাতেই নবম শ্রেণির ছাত্র রমজানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রমজান ভোলার সদর উপজেলার কোরালিয়া এলাকার মো. ছিদ্দিকুর রহমানের ছেলে। সে মাইলের মাথা এলাকার ইয়াছমিন বিল্ডিংয়ে ৫ম তলার ভাড়া বাসিন্দা।

নিহত শিশুটি বন্দর থানার মাইলের মাথা এলাকায় হালিমা চিশতি কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্ত্তী বলেন, গ্রেপ্তার রমজান শিশুর মায়ের চাচাতো ভাই। সে বেগমজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আর শিশুটির বাবা দিনমজুর এবং মা সিইপিজেডের পোশাক কর্মী।

তিনি আরও বলেন, তারা যে ভবনের পঞ্চমতলার বাসায় থাকেন, এর তৃতীয়তলায় শিশুটির মায়ের এক চাচা পরিবার নিয়ে থাকেন। রোববার বিকেলে শিশুটির মা-বাবা বাসায় ছিল না। এই ফাঁকে চাচাতো ভাই রমজান তাদের বাসায় ঢুকে ৯ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণ করে। শিশুটি এ বিষয়টি সবাইকে জানাবে বললে রমজান তাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

ওসি আরও বলেন, রাতে শিশুটির বাবা মা বাসায় এসে বিষয়টি জানতে পেরে থানায় জানালে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। এ সময় বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদে শিশুটির মায়ের চাচাতো ভাইকে সন্দেহ হয়। তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে সে ধর্ষণ ও হত্যার বিষয় বিস্তারিত আমাদের কাছে স্বীকার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত