গাজীপুর মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের দেশীপাড়া এলাকার বাসিন্দা ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. হাফিজ (৪২) তিন দিন ধরে নিখোঁজ। স্বজনদের দাবি তাকে অপহরণ করা হয়েছে। মোবাইল ফোনে তাদের কাছে মুক্তিপণের টাকাও চাওয়া হয়েছে। এ ঘটনায় গাজীপুর সদর থানায় সাধারণ ডায়েরি এবং র্যাবের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তিনি সালনা থেকে জয়দেবপুর শহর পর্যন্ত অটোরিকশা চালাতেন।
নিখোঁজ অটোচালকের ভাতিজা রাজিব জানান, শনিবার সকালে হাফিজ অটোরিকশা নিয়ে বের হন। সবশেষ ওই দিন দুপুর ১২টার দিকে তাকে রাস্তায় অটো চালাতে দেখেছেন অন্য চালকরা। এরপর থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত হাফিজের সন্ধ্যান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, রবিবার দুপুরে একটি মোবাইল ফোন থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি হাফিজের মুক্তির জন্য তার ভাতিজা শামীমের কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। পরে তারা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু হাফিজের মুক্তি মেলেনি।
