কোরবানির ছাগল ছিনতাই

ছয় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০২:২৮ এএম

গত কোরবানির ঈদের আগে রাজধানীর মোহাম্মদপুরে ২১২টি ছাগল ছিনতাইয়ের চেষ্টা, ছাগল মালিকদের কাছে চাঁদা দাবি ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের দুই মামলায় ছয় আসামিকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তারা হলো জসিম, রাতুল, তানভীর, হিরা, তনয় ও পারভেজ।   

গতকাল সোমবার আসামিরা হাইকোর্টে জামিনের আবেদন করলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আঞ্জুমান আরা বেগম মুন্নী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে এই মামলায় ১৯ আগস্ট মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মুজাহিদ আজমী তান্নাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিল হাইকোর্টের এই বেঞ্চ। এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত