বেনাপোল বন্দরে কেমিক্যাল শেডে আগুন

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০২:৫৭ পিএম

বেনাপোল বন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল শেডে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে কোটি টাকার আমদানি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কেমিক্যালের বিক্রিয়ায় বন্দরের ৩৫ নম্বর শেডে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে বন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বেনাপোল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যদের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কেমিক্যালের বিষক্রিয়ায় আগুন লেগেছে বলে ধারণা করছে না বন্দর কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ বন্দরের ডেপুটি ডাইরেক্টর আব্দুল জলিলের নেতৃত্বে ৭ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দে্ওয়া হয়েছে।

গোডাউন ইনচার্জ মনির হোসেন জানান, সকালে গোডাউন খুলেই ভেতরে আগুন দেখতে পেয়ে বন্দর পরিচালক ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। আনসার সদস্যরা পাশের গোডাউন থেকে আগুন নেভানো গ্যাস এনে নিক্ষেপ করলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে তিনি জানান, বন্দরের নিজস্ব ফায়ার ইউনিটের লোকবল কম থাকায় আগুন তাৎক্ষণিক নেভানো সম্ভব হয়নি।

বেনাপোল বন্দর পরিচালক প্রদোষ কান্তি দাস জানান, সকালে কেমিক্যালের ৩৫ নম্বর শেডে হঠাৎ করে কেমিক্যালের বিক্রিয়ায় আগুন লেগে বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে তদন্ত টিম রিপোর্ট দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত