চলছে তাপদাহ। এমন কাঠফাটা রোদে জীবন হাঁসফাঁস। তবুও ফ্যাশন সচেতন হওয়া ছাড়া উপায় নেই। কেননা, আছে অফিস অথবা যেতে হবে ক্লাসে। তাই রোদের উত্তাপকে এড়িয়ে স্বাভাবিক থাকতে পরিবর্তন আনতে হবে প্রসাধনী সামগ্রীতে। কার্যতই দরকার সচেতন কেনাকাটা।
প্রথমেই শুরু করা যাক সুগন্ধি দিয়ে। এই গরমে তরতাজা থাকতে মানসম্মত সুগন্ধি ব্যবহারের বিকল্প কিছু হতে পারে না। কেননা ঘামের দুর্গন্ধ আপনাকে যেকোনো সময় বিড়ম্বনায় ফেলে দিতে পারে। ফলে গরমে সুরক্ষা দেবে পারফিউম, বডি স্প্রে ও ডিওডোরেন্টের মতো নানা ধরনের সুগন্ধি।
সুগন্ধির রকম-সকম : বাজারে বিভিন্ন ধরনের সুগন্ধি পাওয়া যায়। তবে কেনার আগে অবশ্যই সুগন্ধিটি গরমের জন্য কতটুকু যুতসই যাচাই-বাছাই করে নিতে হবে। বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ভিক্টোরিয়াস সিক্রেটের ভেরি সেক্সি, ক্লিনিকের হ্যাপি, ডিওরের পিওর পয়জন, জারা নাইট, শ্যানেলের কোকো ও ডি পারফিউমগুলো বেশি বিক্রয় হচ্ছে। এছাড়াও শ্যানেলের কোকো মাদমোয়াজেল ও ডি পারফিউম, টম ফোর্ডের ব্যাক অর্কিড, ভিক্টোরিয়াস সিক্রেটের বম্বশেল ও ডি পারফিউম, গুচ্চির বুম, ভারসাচের ব্রাইট ক্রিস্টাল আবসলু, ডলচে অ্যান্ড গাবানার ডলচে রাখতে পারেন পছন্দের লিস্টে।
পাওয়া যাবে : রাজধানীসহ দেশের সব শপিংমল, কসমেটিকসের শোরুমগুলোতে মিলবে এসব পারফিউম। বেশকিছু সুপার শপেও মিলবে এসব পণ্য।
দরদাম : সুগন্ধির মানভেদে দাম কমবেশি হয়। সাধারণত ৩০০ টাকা থেকে চার হাজার টাকার মধ্যে পাওয়া যাবে পারফিউম, বডি স্প্রে ও ডিওডেরেন্ট পণ্যগুলো।
চার্জ দেওয়া ফ্যান
বর্তমানে চার্জার ফ্যানের চাহিদা ও বিক্রি দুটিই বেড়েছে। বিশেষ করে১২, ১৪ ও ১৬ ইঞ্চির চার্জার ফ্যানের বিক্রি বেশি। পাওয়া যাচ্ছে একাধিক ব্র্যান্ডের চার্জার ফ্যান। চাহিদার শীর্ষে রয়েছে ডিফেন্ডার, কেনেডি, সানকা, সানকা বক্স, ওয়ালটন, সিবেক ও কোনিওন ব্র্যান্ডগুলো।
দরদাম : ‘ডিফেন্ডার’ ব্র্যান্ডের ১২ ইঞ্চি চার্জার ফ্যানের দাম ২ হাজার টাকা। ১৪ ইঞ্চির ফ্যান ২ হাজার ৫শ’ টাকায়। আর ২ হাজার ৬৫০ টাকায় মিলবে ১৬ ইঞ্চি চার্জার ফ্যান। ‘কেনেডি’ ব্র্যান্ডের চার্জার ফ্যান ২ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে। ‘সানকা বক্স’ চার্জার ফ্যান ৩ হাজার ২৫০ টাকায়। ‘ওয়ালটন’-এর রিচার্জেবল টেবিল ফ্যান ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পড়বে। ‘ওয়ালটন বক্স চার্জার ফ্যান’ ৪ হাজার ১শ’ টাকা। ‘সিবেক’ ব্র্যান্ডের চার্জার ফ্যান ৪ হাজার থেকে ৪ হাজার ৬শ’ টাকার মধ্যে। ‘কোনিওন’ ব্র্যান্ডের চার্জার ফ্যান পাওয়া যাবে সাড়ে তিন হাজার হাজার টাকায়।
