দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১০:৩২ এএম

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন মোটরসাইকেল আরোহী আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দিনাজপুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের বেজাইমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আবেদুর শাহ এর ছেলে মো. ফরহাদ শাহ (৩৫), একই গ্রামের মো. রোকনুজ্জামান শাহর ছেলে মো. অন্তর আলী শাহ (২৪) এবং মো. মনছুর আলীর ছেলে আশিক ইসলাম (২৮)।

একই ঘটনায় আহত তিনজন হলেন- দিনাজপুর সদর উপজেলার জামাই পাড়া এলাকার নুরুল শাহর ছেলে রাজু ইসলাম (২৫), ফুলবাড়ি উপজেলার এলুয়ারী ইউনিয়নের সোনাপুরী গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন (৪০), মো. মকছেদ আলীর ছেলে মো. শহিদুল্লাহ ইসলাম (৪২)।

স্থানীয়রা জানায়, নিহত তিনজন চিরিরবন্দরের আমবাড়ী এলাকার ঈশান এগ্রো লিমিটেড এর একজন কর্মচারী এবং অপর দু'জন একই রাইস মিলের ধান ও চালের ব্যবসায়ী। মঙ্গলবার রাতে তিনটি মোটরসাইকেলযোগে ছয়জন মিলে ফুলবাড়ি থেকে আমাবাড়ী আসছিলেন। পথে বেজাইমোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কৃষি জমিতে পড়ে ছিল। সেখানে বেশ কিছু গাড়ির ভিড় থাকায় রাস্তার পাশে অন্যান্য ট্রাক দাঁড় করানো ছিল। ফুলবাড়ি থেকে আমবাড়ী আসার পথে বেজাইমোড় এলাকায় পেছন থেকে আসা দু’টি দ্রুতগতির মোটরসাইকেল রাস্তায় দাঁড়ানো ট্রাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের বেজাইমোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আমরা রাতেই নিহতদের পরিবারের কাছে খবর পাঠাই এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত