পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ নভেম্বর-ডিসেম্বরেই হবে বলে ভবিষ্যতবাণী করেছেন। বুধবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের তিনি এ মতামত জানান।
সাংবাদিকদের তিনি বলেন, ‘অক্টোবরের শেষে এবং নভেম্বর-ডিসেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ দেখতে পাচ্ছি। আর সেজন্য দেশকে তৈরি করছি। আর এটাই হবে দু’দেশের মধ্যে শেষ যুদ্ধ।
শেখ রশিদ বলেন, নরেন্দ্র মোদীর জন্যই পাকিস্তান ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে। মোদীর সামনে পাকিস্তানই একমাত্র বাধা। মোদীকে চিনতে অনেক বড়বড় নেতা ভুল করলেও আমি ভুল করিনি।
তিনি বলেন, ২৫ কোটি মুসলমান পাকিস্তানের দিকে তাকিয়ে রয়েছেন। তাই সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব সরিয়ে কাশ্মীরের দিকে আমাদের হাত বাড়াতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। না হলে ইতিহাস কোনদিনও আমাদের ক্ষমা করবে না।
