নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন রহমতউল্লাহ মুসলিম ইনস্টিটিউট ভবন গুঁড়িয়ে দেওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। ভুক্তভোগী দোকান মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার নারায়ণগঞ্জ চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক শাকিল আহমেদ ওই সমন জারি করেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রহমতউল্লাহ মুসলিম ইনস্টিটিউট ভবন নিয়ে দোকান মালিকদের সঙ্গে সিটি করপোরেশনের মামলা চলছিল। এ ভবন ভাঙতে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা ছিল। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্ব্ওে গত ২০ জুন সিটি করপোরেশন ভবনটি ভেঙে ফেলে। ফলে বিষয়টি আদালতে গড়ায়। শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে মেয়র আইভীসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারি করে।
ভুক্তভোগীদের পক্ষে মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সেক্রেটারি মোহসিন মিয়া, অমিতাভ সরকার প্রমুখ।
গত ২০ জুন ভেঙে ফেলা ওই ভবনটিতে প্রায় ৩৫টি দোকান ছিল। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কোনো সময় না দিয়ে সকালে এক্সকাভেটর দিয়ে ভবন ভাঙা শুরু হয়। এতে তারা কোনো মালামাল সরাতে পারেননি। ফলে ক্ষতির মুখে পড়েছেন তারা।
