সিলেটে ডাকাতি মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক রুকসানা বেগম হ্যাপি এই রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলার ৬ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
সিলেটের বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছিল। রায়ে দন্ড প্রাপ্তরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার তমসিপাড়া গ্রামের রঞ্জিত দাস, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি গ্রামের ফুল মিয়া, মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামের আবদুস শহীদ ও বাদল মিয়া। মামলায় খালাস পেয়েছেন, আবু বক্কর, রুমন মিয়া, আফজাল মিয়া, সুজন মিয়া, সাইদুল ইসলাম ও টুনু মিয়া।
আদালতের এপিপি এসএম পারভীন বেগম জানান, ২০১৪ সালের ১৫ আগস্ট রাতে শাহজাহান মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাত দল পরিবারের লোকজনকে জিম্মি করে ২ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাহজাহান মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন। একই বছরের ২৮ অক্টোবর ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যপ্রমাণ শেষে গতকাল আদালত রায় ঘোষণা করে। রায়ে দন্ডপ্রাপ্তরা কারাবন্দি রয়েছেন।
