মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেওয়ায় পুরান ঢাকার বংশাল এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মিনহাজ হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল কসাইটুলি সামসাবাদ মামুনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, আহত মিনহাজের বাবার নাম মো. হানিফ। তিনিও পেশায় একজন ব্যবসায়ী। বাবার সঙ্গেই ব্যবসা করতেন মিনহাজ। তিনি পরিবারের সঙ্গে আরমানিটোলা কে পি ঘোষ স্ট্রিট এলাকার নিজ বাড়িতে থাকতেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আঘাতটি খুবই গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মিনহাজের ছোট ভাই মো. জুনায়েদ সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে স্থানীয় মাদক কারবারি সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে।
এদিকে এ ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, রাস্তা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সামসাবাদ এলাকায় তিন সন্ত্রাসী মিনহাজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
