পুলিশের দড়ি কোমরে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল: বিক্ষোভ

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০৭:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সানাউল্লাহ গিয়াস উদ্দিন সেলু নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পরে কোমরে দড়ি বেঁধে ছবি তোলা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।  

এই ছবি ফেইসবুকে ভাইরাল হওয়ায় সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় তোলপাড় চলছে। বিক্ষুব্ধ অবস্থা বিরাজ করছে সরাইল আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।

গিয়াস উদ্দিন উপজেলা সদরের উছালিয়া পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য এলু মুন্সীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সরাইল থানার পাশের একটি মোবাইল দোকান থেকে সরাইল উপজেলা ছাত্রলীগের একাংশের সাবেক আহ্বায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সরাইল ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সেলুকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ।

এরপর সরাইল থানা পুলিশ তাকে আরো কয়েকজন আসামির সঙ্গে কোমরে দড়ি বেঁধে ছবি তোলে। ছবিতে এসআই মনজুর হোসেনসহ কয়েক পুলিশ সদস্যকে দেখা গেছে।

অভিযোগ উঠেছে সরাইল থানা পুলিশের অতি উৎসাহী কোনো কর্মকর্তার মাধ্যমে ছবিটি ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সরাইল সদরে তীব্র ক্ষোভ দেখা দেয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেরআলমসহ বেশ কিছু নেতা সরাইল থানা পুলিশের সাথে কথা বলে ক্ষোভ প্রকাশ করলে থানা পুলিশ তড়িঘড়ি করে গিয়াস উদ্দিনকে জেলহাজতে প্রেরণ করে।  

সরাইল উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেরআলম জানান, গিয়াস উদ্দিনকে কোমরে দড়ি বেঁধে ছবি তোলার ঘটনায় উপজেলার নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আমাদের নিন্দার কোনো ভাষা নেই। সামান্য একটা বিদ্যুৎ বিলের বকেয়ার মামলায় একজন ছাত্রনেতাকে এভাবে অপমান করার ব্যাপারে আমরা কঠোর কর্মসূচী ঘোষণা করবো।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বলেন, চোর-ডাকাতকে ধরেও এমন অপমানজনক আচরণ করা হয় না যেটা করা হয়েছে একজন ছাত্রলীগ নেতার সঙ্গে। ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সরাইল থানার ওসি শাহাদাত হোসেন বলেন, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে একটি বিদ্যুৎ বিল বকেয়া ও পুলিশ সদস্যকে মারধর করার মামলা রয়েছে। তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন আমি থানায় ছিলাম না। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, ছবিটি কে ফেইসবুকে পোস্ট করেছে তা আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ ব্যাপারে পুলিশ সদস্যরা আইনের ব্যত্যয় ঘটিয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত