জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল হোতা মন্তব্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ও তাদের দোসররা এখনো মরিয়া। তারা কখনো চিন্তা করেনি আওয়ামী লীগ একদিন ক্ষমতায় যাবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একদিন প্রধানমন্ত্রী হবেন। জননেত্রী শেখ হাসিনাকে ওরা একাধিকবার হত্যা করার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে।
শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম এলজিইডি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জন্য বেদনাদায়ক দিন। এদিন আমরা হারিয়েছি মুজিব পরিবারের সম্ভাবনাময় সদস্যদের। ১৯৭৫-এর ঘটনা নিয়ে বিএনপি বলে তখন তাদের জন্ম হয়নি, কিন্তু কথা হলো তখন জিয়া তো ছিলেন।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর দেশকে উল্টোপথে নিয়ে যাওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, বিভ্রান্তি, ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ ও দলের স্বার্থে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে জানে এ কথা প্রমাণ হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশকে আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে, এটাই শোক দিবসের প্রত্যয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নজরুল ইসলাম চৌধুরী এমপি ও প্রফেসর আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী এমপি।
