মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝামেলার আর অন্ত নেই। এমনিতে নিজের ঝামেলা তিনি নিজেই সৃষ্টি করতে সিদ্ধহস্ত, এবার সেখানে ব্যক্তিগত সহকারী ম্যাডেলাইন ওয়েস্টারহাউট বিপাকে ফেলেছেন তাকে। পারিবারিক তথ্য ফাঁস করার দায়ে সহকারীকে বরখাস্ত করার দুদিন বাদে জানিয়েছেন তাকে ক্ষমা করে দিয়েছেন।
ট্রাম্পের দ্বিতীয় কন্যার নাম টিফানি। যার সঙ্গে প্রেসিডেন্টের কোনো ছবি নেই। মেয়েটি একটু ‘মোটা’ বলে ট্রাম্প তার সঙ্গে ছবি তুলতে ভালোবাসেন না-ওয়েস্টারহাউট সম্প্রতি এক সাংবাদিককে এ কথা বলেন।
ট্রাম্পের কানে এ খবর পৌঁছালে তিনি ওয়েস্টারহাউটকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
ট্রাম্প টুইটে বলেছেন, ‘ওয়েস্টারহাউট ভালো মানুষ। সে ফোন দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে। তাকে ক্ষমা করে দিয়েছি। আমি আমার মেয়ে টিফানিকে ভালোবাসি।’
মুখে ক্ষমা করে দিলেও চাকরিতে পুনর্বহাল করা হবে কি না, তা জানাননি ট্রাম্প।
যে কজন সহকর্মী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম থেকে হোয়াইট হাউসে রয়েছেন, ওয়েস্টারহাউট তাদের একজন। বাকিদের অধিকাংশই ইতিমধ্যে হয় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, নয়তো প্রেসিডেন্টের নির্দেশে চাকরিচ্যুত হয়েছেন।
মদ্যপ অবস্থায় ওয়েস্টারহাউট ওই সাংবাদিকের কাছে দাবি করেন, ট্রাম্প তাকে নিজ কন্যাদের চেয়েও বেশি ভালোবাসেন।
ট্রাম্প শুক্রবার বলেন, ‘মেয়েকে জড়িয়ে এমন কথা বলে সে আমাকে আহত করেছে।’
