দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া দুই বাংলাদেশি উজ্জ্বল মাঝি ও আলম মোল্লার লাশ শরীয়তপুরে নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় জানাজা শেষে নিহত দুজনকে তাদের নিজ বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। শনিবার রাতে নিহতদের লাশ বাংলাদেশে এসে পৌঁছায়।
নিহত উজ্জ্বল মাঝি ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের কাইছকড়ি গ্রামের মৃত শহর আলী মাঝির ছেলে উজ্জ্বল মাঝি ও আলম মোল্লা নড়িয়া উপজেলার কাপাশপাড়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।
রবিবার সকালে ৭টার দিকে নিহতের লাশ গ্রামের বাড়ি এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠে গোটা গ্রাম । প্রিয়জনকে হারিয়ে দিশেহারা স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
উল্লেখ, দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় গত রবিবার ১১টার দিকে ইস্টার্নক্যাপ প্রভিন্সের কেপটাউন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মাউসবেরী এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
বাংলাদেশি মালিকানাধীন দোকানে চাঁদার দাবিতে কিছু বুঝে ওঠার আগেই সংঘবদ্ধ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে ঘটনাস্থলে আলম মোল্লা ও উজ্জ্বল মাঝি এবং অজ্ঞাত পরিচয় বিদেশি মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।
