সিলেটে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাসহ দুইজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
রবিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা তাদের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য প্রদানকারী দুইজন হলেন- চাঞ্চল্যকর এই মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা, পুলিশ পরিদর্শক নুরুল আলম ও সাংস্কৃতিক সংগঠক রজতকান্তি গুপ্ত। এ নিয়ে মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।
মামলায় বাদীপক্ষের আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন জানান, এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আদালত আগামী ১ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অনন্তের বড় ভাই রত্মেশ্বর দাশ বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র প্রদান করে সিআইডি। মামলায় অভিযুক্তরা হলো- মান্নান ইয়াহিয়া, আবুল খয়ের রশিদ আহমদ, শফিউর রহমান ফারাবী, আবুল হোসেন, ফয়সল আহমদ ও হারুনুর রশিদ। আসামিদের মধ্যে আবুল খয়ের রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবী কারাগারে এবং অন্য ৪ জন পলাতক রয়েছে।
