বেতন-ভাতার বৈষম্য নিরসনসহ চার দফা দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা। গতকাল রবিবার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে সমবেত হয়ে তারা আন্দোলন করেন। পরে অধিদপ্তরের মহাপরিচালক দাবি পূরণের আশ্বাস দিলে তারা ফিরে যান।
দাবিগুলো হচ্ছে দপ্তরি কাম প্রহরীদের পদটি রাজস্ব খাতে অন্তর্ভুক্তিকরণ, আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, বেতনবৈষম্য নিরসন ও সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করা।
তারা বলেন, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেওয়া হয়। সরকারি বিদ্যালয়ে চাকরি করেও তারা ন্যায্য বেতন-ভাতা পাচ্ছেন না। অমানবিক ও নজিরবিহীনভাবে তাদের দিনে দাপ্তরিক কাজ ও রাতে প্রহরার দায়িত্ব পালন করতে হচ্ছে। ২০১৩ সালে এ পদে নিয়োগের পর থেকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হচ্ছে।
তারা আরও বলেন, তাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই, নানাবিধ সমস্যার কারণে এবং চাকরি জাতীয়করণের জন্য ২০১৭ সালে উচ্চ আদালতে রিট পিটিশন করেন। চলতি বছর ৩০ জুলাই আদালতের রায় তাদের পক্ষে এলেও এ বিষয়ে অধিদপ্তর কোনো ব্যবস্থা নেয়নি।
