অলিয়ঁস ফ্রঁসেজে চিত্র প্রদর্শনী ‘সিম্ফনি’

বাংলাদেশ ও ভারতের শিল্পীদের মেলবন্ধন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১২ পিএম

রাজধানীর অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ‘সিম্ফনি’ শীর্ষক ৬ দিনব্যাপী দলীয় চিত্র প্রদর্শনী। গতকাল প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক বিমান বিহারী দাস। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক অলিভিয়ে দঁতজে। আয়োজকরা জানান, ‘সিম্ফনি’ শীর্ষক প্রদর্শনীটি হলো বাংলাদেশ আর ভারতের কিছু শিল্পীর মিলনমেলা হতে উদ্ভাসিত সুরের মেলবন্ধন। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ভারত ও বাংলাদেশের লোকজ থিম এবং ঐতিহ্যকে তুলে ধরে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেনÑ ভারতের অধ্যাপক বিমান বিহারী দাস, জয়দেব বালা, নিশি শর্মা, সিমরান কাওয়ালজিৎ সিং লাম্বা ও সুব্রত ঘোষ। বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন নূরুন্নাহার পাপা, এলহাম হক খুকু ও জেবুন্নাহার নাঈম। প্রদর্শনীটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

১১ পেরিয়ে নাট্য সংগঠন বটতলা

নাট্য সংগঠন বটতলা ১১ পেরিয়ে ১২ বছরে পা রেখেছে। গত ২৭ আগস্ট ছিল এ নাট্যদলটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সোমবার নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় বটতলার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিবার্ষিক সম্মেলন ২০১৯। বিকেল ৫টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন উদ্বোধন হয়। রাত ৮টা ১৫ মিনিটে বটতলার সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান এবং রাত ৮টা ৪০ মিনিটে মঞ্চায়িত হয় নাটক ‘সময়ের প্রয়োজনে’। বটতলা ১১ বছরের পথচলায় মঞ্চে এনেছে ১০টি মূলধারার নাটকসহ বেশ কয়েকটি প্রতিবাদী পথনাটক। নাটক মঞ্চায়নের পাশাপাশি বটতলা পরিচালনা করছে অভিনয় শেখার স্কুল ‘অ্যাক্টরস স্টুডিও’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত