ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন নৌপরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান। গতকাল সোমবার দুপুরে ঘুষ নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
অভিযানটি পরিচালনা করা হয় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে। অভিযানের দায়িত্বে থাকা উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম দেশ রূপান্তরকে জানান, এমএম শিপিং লাইন্সের নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. মনিরুজ্জামান দুদকের কাছে অভিযোগ করেন যে, ঢাকার বিআইডব্লিউটিএ ভবনে কর্মরত সদরঘাট বন্দরের দায়িত্বপ্রাপ্ত শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এমভি খাদিজাতুল কোবরা নামে একটি লঞ্চের সার্ভে ও ফিটনেস প্রতিবেদনের জন্য ৩ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। পরে মনিরুজ্জামান ও সাইফুরের মধ্যে ২ লাখ টাকায় বিষয়টি রফা হয়।
তার এই অভিযোগের পর কমিশনের অনুমোদন সাপেক্ষে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গতকাল সকাল সাড়ে ১০টায় মতিঝিল কার্যালয় থেকে দুদক কর্মকর্তারা সাইফুরকে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে মামলা করে কমিশন। বিকেলে তাকে আদালতে হাজির করার পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। অভিযানে অংশ নেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আখতার হোসেন, উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ, মনিরুল ইসলাম, আমির হোসেন, রেজাউল করিম, ফজলুল বারী, মো. মনোয়ারুল ইসলাম, উপসহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম, কামরুজ্জামান ও সহকারী পরিদর্শক নূরুল ইসলাম।
