নোয়াখালীর সোনাইমুড়ি থেকে অপহৃত তরুণীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সোমবার উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে ইসমাইল হোসেন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১০-এর উপঅধিনায়ক আশরাফুল হক দেশ রূপান্তরকে জানান, সোনাইমুড়ি থানার শাহ আলম নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে, গত ২৫ আগস্ট থেকে তার বিবাহিত মেয়ে নিখোঁজ রয়েছে। যার পরিপ্রেক্ষিতে তিনি সোনাইমুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি র্যাব-১০-এর অধিনায়ককে লিখিতভাবে জানানোর পর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ওই তরুণীকে উদ্ধার এবং ইসমাইলকে আটক করা হয়। আটক ইসমাইল সোনাইমুড়ি থানার বড়গাঁও গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে।
জিজ্ঞাসাবাদে ইসমাইল জানিয়েছে, কয়েক বন্ধুর সহযোগিতায় ওই তরুণীকে অপহরণ করে যাত্রাবাড়ী এলাকায় আটকে রাখে। এঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে ইসমাইলসহ কয়েকজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
