পঞ্চগড়ে মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে বখাটের হুমকিতে ভয়ে দশম শ্রেণির এক ছাত্রী ১৫ দিন ধরে স্কুলে যেতে পারছে না। দু-একদিন পর পর ছাত্রীটির বোনের মুঠোফোনে কল করে তাকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তার পরিবারও আতঙ্কে রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন গত সোমবার পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি থেকে জানা যায়, সদর উপজেলার একটি বিদ্যালয়ের ওই ছাত্রীর বাড়ি চাকলাহাট ইউনিয়নে। গত এক মাস আগে ওই ছাত্রীর বড় বোনের মুঠোফোনে ০১৯৩০৩৪৭৬৮২ নম্বর থেকে ফোন করে এবং খুদেবার্তা পাঠিয়ে তাকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। দু-একদিন পর পরই এমন হুমকি দেওয়া হতে থাকে। ওপাশ থেকে পুরুষকণ্ঠ শোনা গেলেও সে পরিচয় দেয়নি।
ওই ছাত্রীর বড় বোন বলেন, ‘অপরিচিত নম্বর থেকে দিনের পর দিন এক ব্যক্তি আমার ছোট বোনকে তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। ভয়ে আতঙ্কে আমার বোন স্কুলে যেতে পারছে না।’
সদর থানার ওসি আবু আক্কাস আহমদ বলেন, ‘ওই ছাত্রীর বোন থানায় জিডি করেছেন। আমরা তার দেওয়া নম্বরটির বিস্তারিত বের করার চেষ্টা করছি।’
