যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় ১৪ বছর বয়সী এক কিশোর তার পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করেছে। পিস্তল ফেলে দেওয়ার আগে সে নিজেই পুলিশকে খবর দিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সিএনএন।
গত সোমবার রাতে এলকমেন্ট শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শেরিফ কার্যালয় কিশোরের গুলিতে তার পরিবারের পাঁচ সদস্য নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং বাকি দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
শেরিফ কার্যালয় আরও জানিয়েছে, ‘কিশোরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে সে নিজগৃহে তার পরিবারের পাঁচ সদস্যকে হত্যার কথা স্বীকার করেছে। অস্ত্রের অবস্থান শনাক্তে সে এখন আমাদের সাহায্য করছে। নয় মিলিমিটার দৈর্ঘ্যরে একটি হাতবন্দুক পাশেই ফেলেছে বলে জানিয়েছে সে।’
যুক্তরাষ্ট্রে সম্প্রতি আশঙ্কাজনকহারে বন্দুক হামলায় নিহতের ঘটনা বেড়েই চলেছে। গত সপ্তাহে দেশটির টেক্সাসে এক বন্দুক হামলায় সাতজন নিহত ও ২২ জন আহত হন। নিহতদের মধ্যে নারী ছাড়াও একটি ছোট্ট শিশুও ছিল।
গত মাসে পরপর দুদিনে দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে দেশটিতে। প্রথমটি টেক্সাসের এল পাসোতে। যেখানে বন্দুক হামলায় ২২ জন নিহত এবং ২৪ জন আহত হন।
