গেমে পয়েন্টের লোভ দেখিয়ে শিশুদের ব্যক্তিগত ছবি সংগ্রহ, তরুণ গ্রেপ্তার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৭ পিএম

ফোর্টনাইট গেম খেলার সময় শিশুদের ব্যক্তিগত ছবি সংগ্রহের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।

গালফ নিউজ জানায়, কলেজে পড়ুয়া ২৫ বছর বয়সী ওই তরুণ গেম খেলার সময় অল্পবয়সী ছেলেদের ফাঁদে ফেলে তাদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করত।

দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিরেক্টর ব্রিগেডিয়ার জামাল আল জালাফ জানান, এক নারীর অভিযোগের ভিত্তিতে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই নারী অভিযোগ, আটককৃত তরুণ ফোর্টনাইট গেম খেলার সময় চ্যাট রুমে তার ছেলেকে ব্যক্তিগত ছবি পাঠাতে বলে।

ব্রিগেডিয়ার জামাল আল জালাফ বলেন, আটককৃত কলেজ শিক্ষার্থী ফোর্টনাইট গেমে ওই শিশুকে পয়েন্ট বাড়িয়ে দেবে বলে ব্যক্তিগত ছবি পাঠাতে লোভ দেখিয়েছিল। আমরা তাকে গ্রেপ্তার করে তার কাছে ১০ জন শিশুর ২০০ ব্যক্তিগত ছবি শনাক্ত করেছি। প্রতারণার উদ্দেশেই এসব ছবি সে সংগ্রহ করেছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস ২০১৭ সালে ফোর্টনাইট প্রকাশ করে। এখানে ১০০ জন খেলোয়াড় নিজেদের মধ্যে যুদ্ধ করেন এবং যে প্লেয়ার সবার শেষে বেঁচে থাকেন তিনিই বিজয়ী হন।

গেমটি ফ্রি ডাউনলোড করার মাধ্যমে পুরো বিশ্বে ২০ কোটি মানুষ এ গেম খেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত