কর্মীদের প্রতি আচরণ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৯ এএম

কর্মক্ষেত্রে বস কখনো নেতা, কখনো অভিভাবক, কখনো প্রশাসক। কর্মীদের কাছ থেকে কাজ আদায়ের জন্য বসের আচরণ নিয়ে লিখেছেন আশফাক ইমতিয়াজ কাজের স্বাধীনতা

আপনার অধীনস্তদের ওপর খবরদারির পরিবর্তে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন। কাজের দায়িত্ব পুরোপুরি হস্তান্তর করুন এবং কর্মচারীদের নিজের জ্ঞানবুদ্ধি খাটিয়ে কাজ সম্পন্ন করার সুযোগ দিন। নিয়মিত কাজের অগ্রগতির খোঁজখবর নিন।

যোগাযোগ

অধীনস্তদের কাজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা দিন। কীভাবে করতে হবে তা স্পষ্টভাবে বুঝিয়ে দিন। অর্পিত কাজের ব্যাপারে আপনার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রাখুন। দায়িত্ব সম্পর্কিত যেকোনো তথ্যাদি প্রয়োজনে সরবরাহ করুন।

কাজের স্বীকৃতি

অধীনস্ত কর্মচারীদের, যার যতটুকু অবদান সে অনুযায়ী কাজের স্বীকৃতি দিন। যেমন : পুরস্কার, প্রোমোশন, আর্থিক সুবিধা কিংবা ছুটি প্রদান। এ ছাড়া প্রকাশ্যে ধন্যবাদ জ্ঞাপন অথবা প্রশংসা করুন এবং সৃজনশীলতাকে উৎসাহিত করুন।

অনুরোধ

কাজের নির্দেশ কিংবা আদেশের পরিবর্তে অনুরোধ করুন। ওই কাজের লক্ষ্যের সঙ্গে ব্যক্তির লক্ষ্য, মূল্যবোধও প্রতিষ্ঠানের লক্ষ্যের সমন্বয় করুন। সেই সঙ্গে অধীনস্তদের মধ্যে কিছুটা প্রতিযোগী মনোভাব সৃষ্টি করুন। তবে এ মনোভাব যেন প্রকট না হয়, সেটা খেয়াল রাখুন।

সিদ্ধান্তে অংশগ্রহণ

প্রতিষ্ঠান কিংবা প্রতিষ্ঠানের কোনো বিভাগের সমস্যা সমাধান, ব্যক্তিগত কিংবা দলীয় দ্বন্দ্ব নিরসন কিংবা কোনো সিদ্ধান্ত নিতে অধীনস্তদের দলগত অংশগ্রহণ নিশ্চিত করুন এবং প্রতিষ্ঠানের প্রতি তাদের কমিটমেন্ট তৈরি করুন।

বিশ্বাসভাজন

আপনার অধীনস্ত কর্মচারীদের প্রতি আস্থা প্রকাশ করার পাশাপাশি আপনার প্রতিও তাদের আস্থা তৈরি করুন। প্রত্যেকের নিজস্ব বিশ্বাস, মূল্যবোধ, আত্মমর্যাদা এবং কৃষ্টি-কালচার প্রভৃতির প্রতি সম্মান দেখান। প্রতিষ্ঠানের গোপনীয়তা এবং কর্মচারীদের ব্যক্তিগত গোপনীয় তথ্য প্রকাশে খুবই সতর্ক থাকুন।

সমালোচনা

অধীনস্তদের কাজের ভুলত্রুটি এবং কাজের সমালোচনা প্রকাশ্যে না করে একান্তে করুন। এ সময় ক্রোধকে নিয়ন্ত্রণে রেখে ভুলগুলো ইতিবাচকভাবে এবং সুনির্দিষ্টভাবে ধরিয়ে দিন। ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক করুন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত