যুব কল্যাণ তহবিল থেকে সারা দেশের ৫৯৯টি যুব সংগঠনকে ১ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা অনুদান দেবে সরকার। গতকাল বুধবার সচিবালয়ে যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের ৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সভায় সিদ্ধান্ত হয়, প্রতি জেলায় একটি করে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যুব সংগঠনকে ২৫ হাজার টাকা করে মোট ১৬ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া জেলাভিত্তিক ৫৩৫টি সংগঠনকে ২০ হাজার টাকা করে মোট ১ কোটি ৭ লাখ টাকা দেওয়া হবে। সভায় যুব সংগঠনকে প্রকল্পভিত্তিক অনুদান দিতে সিলেকশন কমিটির সুপারিশ উপস্থাপন করা হলে বোর্ড তা অনুমোদন দেয়।
সভায় যুব ও ক্রীড়া সচিব মো. জাফর উদ্দীন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ বোর্ডের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
