নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমদী গ্রামে রিকসন (২২) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা।
বৃহস্পতিবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোনারগাঁ থানার এএসআই নারায়ণ চন্দ্র জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের হোসেন আলীর ছেলে রিকসন মিয়া দীর্ঘ দিন মাদক সেবন করে আসছিল। মাদক সেবনের টাকার জন্য নিজের ঘরসহ অন্যদের ঘরের নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করতো সে । চুরির ঘটনায় তার বাবা অনেককে জরিমানা দিয়ে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার দুপুরে তার ছেলেকে থানা পুলিশে সোপর্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড দেন।
