চুরির অভিযোগে গলায় শিকল বেঁধে নির্যাতন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৯ পিএম

ভোলায় সুপারি চুরির অভিযোগে গলায় শিকল তালাবদ্ধ করে আলাউদ্দিন (১৪) নামে এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

স্থানীয়রা জানায়, ওই এলাকার মোসলেহ উদ্দিনের সুপারি বাগান থেকে দুই ছড়া সুপারি চুরির অভিযোগে আলাউদ্দিনকে আটক করা হয়। এরপর মোসলেহ উদ্দিনের ছেলে ও স্থানীয় কয়েকজন মিলে একটি নির্মাণাধীন ভবনের পিলারের সঙ্গে আলাউদ্দিনের গলায় শিকল বেঁধে তালাবদ্ধ করে নির্যাতন চালায়। এ সময় আলাউদ্দিনের চিৎকার শুনে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। পুলিশ আসতে দেখে নির্যাতনকারীরা পালিয়ে যায়।

ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই রতন কুমার শীল বলেন, ‘চর আনন্দ পার্ট-৩ গ্রামের আবদুল আলী কেরানি বাড়ি থেকে দুই ছড়া সুপারি চুরি করায় আলাউদ্দিনকে বেঁধে নির্যাতনের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। এ সময় নির্যাতনকারীদের না পেয়ে মোসলেহ উদ্দিনের স্ত্রী বিবি ফাতেমাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।’

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত